সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

একদিন খুব ভোরে বেরিয়ে পড়বই ঘর থেকে
একা রিক্সায় ধোঁয়া ওড়া শহরের জেগে ওঠা দেখতে বেরুব
একদিন রাতটাকে সকালের হাতে সঁপা দেখতে
ঘুমহীন কাটাব রাত; একদিন মুক্ত হবই।
জানালার কার্নিশ থেকে দৃষ্টি সরিয়ে দিগন্ত ছুঁতে বেরুব।
একদিন কাঁধে রাখব তোর বাড়িয়ে দেওয়া আলিঙ্গনের দাগ
একদিন মন থেকে বের করে আনব সাহসগুলোকে
সবাইকে দেখাব বাঁচার স্বপ্নেরা সুন্দর হয় কত-
পলে পলে মৃত্যু'র মুখে চুন কালি লেপে।
রাস্তায় রাস্তায় এঁকে দিব ঠোঁটে ঠোঁট রেখে
জমানো আহ্লাদ, একদিন বৃষ্টি নামাব বেশ্যালয়ে।
একদিন মুখোশের মানুষেরা লজ্জায় মুখ লুকাবে

একদিন মুখোশের আবরণ খুলবে শঠের শহরও,
তার সাথে, সেইসব অর্ধেক মানুষের কয়েদ করা
পরাধীনতার থেকে বেঁচে উল্লাসে ওড়াবে আলোর আঁচল
কেবলি বিশ্বাসে, ভালবাসায় নিস্তেজ হবে কামুক প্রেমিকের দল।
ফুল ফোটাব একদিন, সূর্য্যকে হাসিয়ে তুলব খিলখিল
তারপর বালিয়াড়ি দেখতে ভাসাব সাম্পান অজানা সাগরে
সবাইকে সুখ দিয়ে আমরা পালিয়ে যাব
আমাদের পলাতক অসুখের খোঁজে, একদিন ... যাবি, বল!
একদিন পলি জমা ফসলের ক্ষেতের শেষভাগে ঘর বানাব।
মনের রাজত্ব জমে উঠবেই একদিন
স্বাধীন পতাকা একদিন ওড়াবেই অবাধ্য মন।



প্রশ্ন এফোঁড় ওফোঁড় করে, ছটফটায়।
কল্পনা বাস্তব ছেড়ে যায় ...
অদৃষ্ট সব দেখেশুনে হাসে।
পোড়া চোখ তবু জাগ্রত ...

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

খাপছাড়া ঘরটাকে প্রতিবিম্ব মনে করে ভুল করি না/ঘর খাপছাড়া হল কিসে?/আসবাবে ধূলোর প্রহর মেপে বলে দিতে পারি,/ মনের খবর/ঘর তবে খাপছাড়া কিসে?/কি কি আছে সবখানে পরে?/মাপহীন প্রহরের ধূলো, একেকটি বইয়ের ভাঁজ/উঁকিঝুঁকি মারা বয়সের পাঠ/আকাশ আর মাটিতে দেখেশুনে শেখা সব/একা অভিযাত্রায়/সূর্য্যের কাছে দেনা করে শোধ/প্রতি সন্ধ্যায় ঘরেই তো লুকাই এ মুখ!/
খাপছাড়া এ ঘর হল তবে কিসে?/

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২

দীর্ঘশ্বাস তোকে দিলাম
খাঁচায় রাখিস পুষে
কোন মেঘলা বেলায় উড়িয়ে দিস আকাশে
ধূলোয় উড়ে যদি হয় বিশুদ্ধ আরো
অসমাপ্ত চিঠি হয়ে ফিরবে তোর মনের ঘরে
তখনো দরজায় দাঁড়ানো প্রতীক্ষার রেশ
চোখের কোণে কালো হয়ে
জমে থাকা ভালবাসার বুনন।

বুধবার, ২২ আগস্ট, ২০১২

একটি অপাংক্তেয় দীর্ঘশ্বাস আর মিনিট দুয়েকের বিরতি
তারপর চিরচেনা ঘাসের বুকে মাথা পেতে দেওয়া অতীতের প্রক্ষেপণ
অতীত যা বিস্তীর্ণ জলরাশি, সমুদ্রের ঢেউয়ের গায়ে লেগে থাকা ফেনা
আছড়ে পড়ে, ভেতরের সব জল নিংড়ে কেউটে সাপের মত ফণা তুলে
মুহূর্তেই বিলীন হয়ে ফের ফুঁসে ওঠে নিরব আক্রোশে, সবার উপরে।
সবুজে সবুজময় ঘাসেরা হারায় সকল সজীব কোমল আবেগ।

সোমবার, ১৩ আগস্ট, ২০১২

সারাদিন বৃষ্টি পড়ে, মনে; শরীরে।
জীবন বড় ক্লান্ত হয় যাপনে।
সারাদিন এক ঘোর লেগে থাকে, বিষাদের।
সারাদিন, একটি করে দিন খসে পড়ে।
সারাদিন কান্না ঝরে গোপনে।

শনিবার, ৪ আগস্ট, ২০১২

হাত বাড়ালেই বন্ধু মেলে! বল?
বন্ধু মানে একলা আকাশ, জল টলমল বৃষ্টি দুপুর
মেঘের ভেলায় ভাসিয়ে দেওয়া মনের কোণে উঁকিঝুঁকি
পদ্ম পুকুর। কষ্ট রোদে চুপি চুপি হেঁটে যাওয়া পথের ধারে
দেখতে পাওয়া এক জোড়া চোখ, কাতর ভীষণ!
তোর রং'য়েতে হারিয়ে যাওয়া প্রবল তেজী আরেক মানুষ।
তোরই মতন স্বপ্ন বোনা, তোরই মতন উথাল পাথাল
আবেগ নদী সাঁতরে সে যে গড়িয়ে পড়ে
জীবন বোধের উজার প্রেমে!
সে তো তোর মাঝেতে বেড়ে চলা প্রচন্ড এক শক্তি বিষম
তোর হাসিতে লুটিয়ে পড়ে, সোঁদা মাটির গন্ধ শোঁকে
মুঠোতে ঠিক পুষে রাখে তোর না ভোলা সুখগুলোকে, দুখগুলোকে!
হাত বাড়ালেই বন্ধু মেলে! বল?