শুক্রবার, ১৭ মে, ২০১৩

দৃশ্যপট মহাখালী ফ্লাইওভার। এক ঘন্টা যাবৎ রেজা জ্যামে আটকে আছে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে ঢাকা গাড়ির গরমেও অগ্নিকূপে পরিণত হয়। ছুটির দিনে রেজা বাসায় ঘুমাতে পছন্দ করে। কিন্তু আজ বেরোতে হল, মামার বাসায় আগের রাতে আট হাজারে কেনা ইলিশ মাছের  কোপ্তা দিয়ে আসার জন্য। সে ভাবে, 'গাড়ি থাকতে চিন্তা কি? যাব আর আসব' ... কিন্তু ছুটির দিনেও রাস্তায় গাড়ির জ্যামে আটকে রেজা রাগে দুলতে থাকে। যদিও গাড়ির বাইরে রাস্তায় হেঁটে চলা জীবন যাদের, তাদের তুলনায় রেজা বেশ আরামেই আছে, অন্তত ভ্যাপসা গরমে এসির ঠান্ডা বাতাস আর হাল্কা ভলিউমে হৃদয় খানের গান পথিকের জীবন থেকে তো আলাদাই করেছে তাকে !

শুক্র আর শনিবার ছাড়া সাপ্তাহিক বাকি দিনগুলোতে রেজা অসম্ভব ব্যস্ত। নামী ব্যাংকে বড় পোস্টে চাকরিজীবী সে। মনে মনে তার চাইতেও বেশি প্রণোদিত রেজা, তার মোটা অংকের বেতনের কথা ভেবে। জীবনের কোথাও দৃশ্যত কোন ক্লেদ নেই তার! ঘুষখোর বাবার রেখে যাওয়া অঢেল সম্পত্তি, ঢাকা ইয়ুনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিগ্রী, প্রেমের সফল পরিসমাপ্তি বিয়েতে, আজ্ঞাবাহী বৌ, যে ঘরে-বাইরে রেজার পাশে শোভা বর্ধনের জন্য যথেষ্ট, দুটো ফুটফুটে ছেলে মেয়ে, ঢাকায় দাপিয়ে বেড়ানোর জন্য দামী গাড়ি, শহরের নামী এলাকায় বাড়ি ... ছেলে মেয়েদের ইংলিশ স্কুলে পড়াশোনা।

রেজা হৃদয় খানের গান শোনে আর ভাবে মেয়েটাকে তার গান শেখাতে হবে, পাশাপাশি আর্ট স্কুল আর নাচের ক্লাস। ইদানীং এসব না করলে বসদের সঙ্গে আড্ডায় পেরে ওঠা যায় না। মেয়েকে সামলে নেওয়ার জন্য বৌ তো আছেই। সংস্কৃতি চর্চার গুরুত্ব এ সমাজে আছে, কিন্তু বখে না গেলেই হল! বাসায় হুজুরের কাছে কুরাআন  শিক্ষাও চলবে। তার মনে হয়, ধর্মীয় শিক্ষা মেয়েকে বখে যাওয়া থেকে বাঁচাবে। মেয়ে বড় হলে যদি গানের সিডি বের করতে চায়, অর্থের অভাব হবে না। রেজা ভাবে আর হাসে ... তার ছোট্ট মেয়ে বড় হবে, গান করবে। নাচ আর ছবি আঁকাটা সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যাওয়া ভাল। ওগুলো মানুষের ছোটবেলার সময় কাটানোর সেরা অনুষঙ্গ হতে পারে, কিন্তু বড়বেলার জন্য রিস্কি!

মটরবাইকের হর্ণে তার ভাবনায় ব্যাঘাত ঘটে। ঢাকা শহরে এই হয়েছে এক জ্বালা। যার তার হাতে পয়সা চলে গেছে, যে সে চাইলেই যান কিনে ফেলে আর রাস্তায় জ্যাম বাঁধায়, ভাবে রেজা বিরক্তিভরে। সভ্য সমাজে চলার নিয়ম কানুন এদের অজানা! রেজা পারলে সব্বাইকে এক হাত দেখে নেয়, এইসব ছোটলোক, নির্ঘাত কম মাইনেতে ছাপোষার মত বেঁচে থাকে, আবার রাস্তায় রাজা বনতে চায়, রেজা গালি দেয় লোকটাকে 'ব্যাটা খা*** পুত'!

আজ শনিবার। অর্ণব চায়নি বেরোতে। তার অফিস বনানীতে। একটা অ্যাড ফার্মের ক্রিয়েটিভ ডিরেক্টর সে। প্রচলিত পড়াশোনায় তার অরুচি। তার স্বপ্ন ছবি বানানো, বিটার মুন দেখার পর থেকে তার জীবনে অদ্ভূত বাঁক আসে। সে বিভোরের কাছ থেকে দূরে সরিয়ে নেয় নিজেকে!

অর্ণব বোদলেয়ার পড়ছিল, 'আমি ভালবাসি ওই আশ্চর্য মেঘদল ...'  এর মাঝে আসিফের ফোন। (আসিফ তার অফিসের ডিরেক্টর)

আসিফঃ পাগলা, কি করিস?
অর্ণবঃ শেষ মেঘ দেখেছি কবে, মনে পড়ে না আসিফ ভাই।
আসিফঃ আকাশে খুঁজতে খুঁজতে একবার একটু ঘুরে যা।
অর্ণবঃ জরুরি কিছু?

আসিফ জানায়, ব্লুজ কালারের বিজ্ঞাপনের স্ক্রিপ্টটা খুব দরকার। ক্লায়েন্ট এসছে। অর্ণব যেহেতু আইডিয়া জেনারেইট করছে, তারা ওর সঙ্গে আলাপ করতে চায় জরুরি ভিত্তিতে। তাদের কিছু পরিবর্তন চাই।
অর্ণব মেঘদলের ওড়াউড়ি থেকে ছিটকে এসে পড়ে ক্লায়েন্টের পছন্দ অপছন্দের ভাঁড়ারে। বিষাদে, অপারগতায় আবারো কুঁকড়ে ওঠে সে ভেতরে। কম্প্রোমাইজ হয়ত করতে হবে আবারো স্ক্রিপ্টে, ভাবতে তার ভাল লাগে না আর। আসিফকে শুধু বলে দেয় 'আসছি।'

ঘড়ির কাটায় একটা চল্লিশ, বাইক নিয়ে আসিফ যখন মোহাম্মদপুর থেকে বেরিয়েছে। আর মহাখালী ফ্লাইওভারে রেজার গাড়ির পাশে এসে সে যখন জায়গা চাচ্ছে এগিয়ে যাওয়ার জন্য, তখন বাজছে তিনটা দশ। প্রচন্ড গরমে, রাস্তার জ্যামে হঠাৎ তেঁতিয়ে ওঠা অর্ণব জীবনের গন্তব্য নিয়ে ভাবতে থাকে আর বিচলিত, বিরক্ত হয়। সে দেখে রাস্তায় তার বয়স্ক একটি ছেলে বাদাম বিক্রি করছে, আরো ছোট একজন মিনারেল ওয়াটার। সে মানিব্যাগ খুঁজে ত্রিশ টাকা বের করে, পানি কেনে, বাদাম কেনে। খেটে খাওয়া মানুষ তার বড় প্রিয়। তার চাইতেও শ্রদ্ধা করে সে তাদের ঘাম। ওরা জীবন নিয়ে কি ভাবে? ওদের তুলনায় নিজেকে বড় বিলাসী মনে হয় তার আর মনে মনে তুচ্ছ মনে হয় তাকে। ও ফিরে যায় আশ্চর্য মেঘদলে ... হায়, এরা শেষ কবে মেঘ দেখেছিল? অথবা মেঘ দেখার সাধ কি মনে জাগে এদের?

... রেজার কন্ঠে জ্যামের নগরীতে ফেরে অর্ণব।

রেজাঃ কি ভাই! কত বড় মাস্তান হইছেন?
অর্ণবঃ (তীর্যক প্রশ্ন উপেক্ষা করে বলে) আপনি ডানে সরে গেলে আমি অনায়াসে চলে যেতে পারি, তাড়া আছে।
রেজাঃ আপনের তাড়া আছে, তাড়া তো ভাই আমারো, কিন্তু বাইক নিয়া প্রাইভেট কারের সঙ্গে মশকরা করবেন তা তো বেমানান!
অর্ণবঃ (বিস্মিত আর রাগ চেপে জানতে চায়) ভাই, বুঝলাম না!
রেজাঃ আমার এই গাড়ির দাম জানেন কত? এইটারে পিছে ফালায়া আগে যাবেন, চিন্তাটা পছন্দ হইল না। দিলাম না জায়গা। যান দেখি ... !

অর্ণব মুহুর্তে তার বাবার মুখটা মনে করে। একজন সৎ, ভালো মানুষ। কিন্তু মানুষের চতুরতা সম্পর্কে ধারণা না থাকায় তাদের ওপর ভরসা করে ব্যবসা দাঁড় করানোর নিস্ফল চেষ্টা করে এখন নিঃস্বপ্রায়।  একজন স্বপ্নবাদী সে, তাই এখনো স্বপ্ন দেখেন বড় বড়। বাবা শেষমেষ তাদের শখের গাড়িটা বিক্রি করে দিয়েছিলেন। কিছুদিন আগেও প্রয়োজন হলে বাবাকে লোকাল বাসে জার্নি করতে হয়েছে তাই। ইদানীং বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অর্ণব বাবাকে বেরোতে নিষেধ করে। তার পাশে গাড়িতে যে লোকটা, তার সঙ্গে বাবার পার্থক্য খুঁজতে থাকে অর্ণব।

রেজাঃ (গাড়ির কাচ বন্ধ করতে করতে) যত্তসব আবোল তাবোল ছাগলের জায়গা হইসে এই শহর।

রেজার শেষ শব্দগুলো অর্ণবের মাথায় ঝিম ধরিয়ে দেয়। সে বাইক স্টার্ট করে আর এগিয়ে যেতে থাকে। ততক্ষণে জ্যাম ছুটতে শুরু করেছে। কিন্তু ফ্লাইওভার পাড় হয়ে সামনে এগোতেই গাড়িটি তাকে একপাশে আটকে রেখে চলতে থাকে! রেজা আর সহ্য করতে পারে না। সে গতি বাড়িয়ে গাড়িটাকে রাস্তার ডানদিকে চাপতে বাধ্য করে। তারপর সামনে এগোয়।

অফিসে পৌঁছে অর্ণব দেখে আসিফ ভাই আর ক্লায়েন্ট তার জন্য অপেক্ষা করছে। ক্লায়েন্টের ডিমান্ড স্ক্রিপ্টে ছোট্ট মেয়ের চরিত্র বাদ দিয়ে কোন তরুণীকে ইন করানো। আর সেই চরিত্রের রুপায়ন করাতে চায় তারা কোন নায়িকাকে দিয়ে। ভদ্র ভাষায় স্ক্রিপ্ট পরিবর্তনে অপারগতা জানায় অর্ণব, ক্লায়েন্ট নাছোড়বান্দা! আসিফ ভাই কনফারেন্স রুমের টেবিলের তলা থেকে অর্ণবের হাতে টোকা দিয়ে অনুরোধ করে চেপে যেতে, কারণ এই পার্টি তাদের সঙ্গে পুরো তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছে, যেটা তার প্রতিষ্ঠানের জন্য লাভজনক। অগত্যা চুপ করে যায় অর্ণব।

বিকেলের রোদে অফিস থেকে বেরিয়ে মোড়ের দোকানে গিয়ে সিগ্রেট ধরায় সে। হঠাৎ মেঘদল চোখে পড়ে তার। সে মনে মনে বিড়বিড় করে ওঠে 'আশ্চর্য মেঘদল/ কালে কালে কত তুমি এলে?' চাপা দীর্ঘশ্বাস মনের কোণ থেকে বেরোয়, মেঘদল তাকে চুরি করে এগিয়ে যায় কিনা, অর্ণব জানে না। সে পা বাড়ায়, মটর বাইকে স্টার্ট দিয়ে ভাবে চারুকলা যাবে। এগোতে থাকে সে। কিন্তু কিছুদূর যেতেই লুকিং গ্লাসে সে দেখে ওই গাড়িটি ফলো করছে তাকে! অর্ণব প্রশ্রয় না দিয়ে এগোতে থাকে, তার বিভোরের কথা মনে পড়ে। সে ভাবে, এত বড় শহরে কেউ নেই, মনের বিষাদগুলো অধিকার করে নেয় এমন!

এরই মাঝে ঘটে ঘটনাটা। রেজা সুযোগ বুঝে একটা লোকাল বাস আর তার গাড়ীর মাঝে ফেলে দেয় অর্ণবকে। প্রবল এক ঝটকায় তাকে বাসের গায়ে লাগিয়ে দিয়ে সামনে চলে যায়। অর্ণব খেই হারিয়ে রাস্তায় পড়ে। তার বাইক থেকে ছিটকে যায় সে কয়েক হাত দূরে। কপাল গড়িয়ে রক্ত পড়তে থাকে, জ্ঞান হারায় সে, কিংবা হয়ত তার শেষ নিঃশ্বাসকে সঙ্গী করে নিয়েছিল মেঘদল!

(সেই রাতে রেজা ঘরে ফিরে দেখে, তার ছেলেটা জ্বরে কাতরাচ্ছে বিছানায়। চিৎকার করে বলে 'বাবা, মেঘ আসছে, মেঘ ... দৈত্যের মত, আমাকে নিয়ে গেল বাবা।' ... আর বাইরে কালবৈশাখী ঝড়। সে মোবাইল ফোনে চেষ্টা করে নেটওয়ার্ক পায় না, ডাক্তারের কাছে নিয়ে যাবে করে ঘর থেকে কোলে তুলে নেয় সাড়ে  চার বছরের শিশুপুত্রকে। কিন্তু বেরিয়ে দেখে তার গাড়িটা দুমড়ে মুচড়ে দিয়ে গেছে ঝড়। সেটি আর চালাবার জো নেই। গাড়ির এমন পরিস্থিতি দেখে রেজা আবার রেগে ওঠে। সে এই দেশের প্রকৃতিকে গালি দিতে থাকে, জোরে জোরে বলতে থাকে 'বা** এক দেশ! বা** বৈশাখ।'  আর হঠাৎ লক্ষ্য করে, তার শিশুপুত্রের নিস্তেজ দেহ লুটিয়ে পড়েছে ...)

... কিন্তু এমন হয় না। যেমনটা হতে থাকে প্রতিনিয়ত ...

 রেজা  তার দামী গাড়ি দিয়ে অর্ণবকে চাপ দিয়ে মনের অস্বস্তি থেকে মুক্তি পেয়েছিল, ভেবেছিল, গেলাম জিতে। সে মনে মনে হেসে উঠেছিল ভেবে, ফকিরটার জায়গা এবার হবে আস্তাকুঁড়ে। ঠ্যালা সামলা ব্যাটা, আমার গাড়ির সঙ্গে টক্কর দেওয়ার ঠ্যালা সামলা। ব্যাটা, রাস্তায় চালাবি বাইক, আর আমি চালাই প্রাইভেট কার। তোর সময় বা জীবন কি ব্যাটা আমার থেকে বড়! ... সে বেসুরো গলায় গায়, 'চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারো নও ...'





বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩

সমুদ্র যখন নিরব হয় তাকে দেখেছ?
সারি সারি একগুয়ে ঢেউ প্রতিবার আছড়ে পড়ে
একবার, দুবার, তিনবার ...
একবার দুবার তিনবার।
মানুষ এসে চলে যায় তার সঙ্গে মৃদুমন্দ বাতাস।
সমুদ্রের তাতে চোখ নেই, নিরুত্তাপ!
কত জল নিয়ে অমন নিশ্চুপ হওয়া চলে?
আকাশ কখনো মেঘ রঙ, কখনো চলিষ্ণু মেঘ
নিয়ে খেলা করে। বৃষ্টি ঝরায়! 
বরাবর আকাশ ভালবেসেছি আমি,
ওখানে দেখোনি কত শোভা! সাদা মেঘ, কাল মেঘ, ছাই মেঘ
এমন কি রঙ্গে রঙ্গে হেসে ওঠা রংধনু!
কিন্তু সমুদ্রকে দেখেছ কখনো?
তুমি জেনেশুনে জেনেশুনে আমাকে সমুদ্র করে তুলছ
সমুদ্র করে তুলছ তুমি জেনেশুনে আমাকে ...
অথচ বরাবর আকাশ ভালবেসেছিলাম!
আচ্ছা, তুমি কি আকাশ বা সমুদ্র বোঝ?
আচ্ছা, তুমি কি মানুষ বোঝ? ...

মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

চিঠি পৌঁছুবে না,
আলিঙ্গনের অস্পৃশ্য রহস্য উঠোনে ডিগবাজি খাবে।
চিঠি পৌঁছুবে না,
উঠোন জুড়ে পায়চারি করবে ধূলো।

বিদায় বলবে না চিঠি, একার শব্দমালা
রাতজাগা চোখের ক্লান্তি দেখবে উঠোনের কোণ থেকে।
চিঠি উড়বে না আকাশে, মেঘ ছোঁবে না।

পরিচিত অন্দরে পুড়বে হৃদয় প্রকোষ্ঠে।
পুড়ে হবে খাক, পুড়ে অঙ্গার বিবর্ণ হবে।
দরজায় কড়া নাড়বে যে
নাম তার 'অপেক্ষা!' ...




মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

মৃত্যুর খুব কাছাকাছি গেলে পরে টের পাওয়া যায়, মানুষ মূলত একা
গ্যাস চালিত যান চালক যখন নিরীহ মানুষের আতংকিত ছুটোছুটি দেখে
পুলিশের হুঁশিয়ারী দেখে সাধারণের মতন একার ভালটা ভেবে
মাঝপথে নামিয়ে দিল ... আমি দেখলাম
প্রাণভয়ে মানুষ ছুটছে এদিক ওদিক ...
মৃত্যুভয় মানুষকে ক্ষুধাও ভুলিয়ে দেয় নাকি! ...
ভাড়া মিটিয়ে দিয়ে ভাবছিলাম, এখন আমি কোন দিকে যাব!
গুলির আওয়াজ, দোকান বন্ধ করার শব্দ তারপর হিম নিরবতা।
এই নিরবতা বিলাসী আয়োজন করে একা সমুদ্র দেখতে যাওয়াকে তিরষ্কার করে। এই নিরবতা প্রিয় মুখগুলোকে মনের গহীন থেকে
চিড়ে বের করে আনে। মনে হয়, তোমরা হাসতে থেকো, ভালবাসতে থেকো, অধিকার করে রেখো প্রিয় স্বদেশ ...
তারপর আবার ফিরে যাওয়া একা রাস্তায়
কতগুলো দানবের হিংস্র আক্রমণের শংকা বুকে পুষে;
পুষে নিষ্কলংক ক্ষেদ, পুষে স্বপ্ন-পুরনো শকুনের হাত থেকে দেশ মুক্ত হতে দেখবার ... অথবা নিরাপদ আশ্রয় খোঁজা ... কিংবা ভেতরের সৈনিকটাকে অনাগত মৃত্যুকে প্রতিহত করবার সাহস যোগানোর!
মৃত্যুর খুব কাছাকাছি গেলে পরে টের পাওয়া যায়, মানুষ মূলত একা।

মার্চের ০২ তারিখে লেখা। আজ ব্লগে পোস্ট করলাম। 
 
সারারাত নির্ঘুম কাটালে পিনপতনের শব্দে নিরবতা ভাংবে না
রাতের সময়টাতে একা থাকে মানুষের নিরবতা
বাতাসে বাতাসে মিশে যায় একাকীত্ব, বেড়াতে বেরোয়!
রাতের সময়টাতে ইঁদুর ছোটে সদলবলে ...
তাদের সাথে হয়ত কিছু মানুষও এমন
আহারের নিত্য যোগাড়ের চিন্তায় নিষ্পেষিত যাদের পেশী ও মন!
তারাও কি বেঁচে থাকে না? নিঃশ্বাসের প্রয়োজনে হয়ত তারাও করে
হাসি আয়োজন ... ওভাবে কি বাঁচা যায়? কিংবা ওটাকে কি বলে বেঁচে থাকা?

বাঁচার জন্যে চাই উপলক্ষ্য এমন বা এক
যাতে মনে হবে, ঘুম ভেঙ্গে গেল আর ছুটলাম
পাখির ডানায় করে ছুটলাম ... নদীভ্রমণে
জেলেদের সাথে নিয়ে মাছ খুঁজে ফিরলাম বাড়ি,
মায়ের হাতের রসে মিশে গেল চুলোর হাঁড়ির স্বাদ!
বেঁচে থাকলাম কারণ, বাবা হাত বুলিয়ে দিল আদর
বলে দিল, রক্তচক্ষুকে উপেক্ষা করা শিখেছ বলেই
তুমি আমাদের সন্তান ...
ভাই এল পেছন থেকে, জড়িয়ে বলল, দিদি চল
ছবি তুলে আসি ... আজ তোকে নিয়ে যাব ফসলের ক্ষেতে
বহুদিন তুই সবুজ দেখিসনি, আমি তো তা জানি!

বেঁচে থাকা মানে কখনো কখনো প্রেমিকের রাগ আর ক্ষোভে
ঘামের গন্ধ লেপ্টে থাকা ... ভালবাসা ভালবাসা অনুভব!
চোখের ইশারায় নিরালায় ডেকে নিয়ে যাওয়া,
বুঝিয়ে দেওয়া, নিরবতায়ও থাকে দোলায়িত করার অসহ্য সুখ সুখ কৌশল।

ঘুম ভেঙ্গে গেলে যদি মনে পড়ে সকালের আলো
আমায় নিচ্ছে ডেকে, করেছে জাগ্রত সত্যি ...
মন যদি যোগাযোগ করে বলে
ওঠো, এবার তোমার সময় হয়েছে, উঠবার
যদি বুকের কোণে  বুঁদ হয়ে থাকে ব্যথা
অন্যায় অমান্য করার তেজ যদি সূর্য্যের মত হয়
ওটাকেই বেঁচে থাকা বলে!

যদি শত মানুষের ভিড় থেকে সমস্বরে চিৎকার ওঠে আকাশে স্বাধীনতার ...
তবে মনে পড়ে বেঁচে আছি ...




শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

এই পৃথিবীটা, বলতে আমি বোঝাচ্ছি মূলত
পৃথিবী আদতে যতটা বিশাল, সে কথা নয়।
আজ এই একলা রাত, সেটাই আমার অতি ক্ষুদ্র এক পৃথিবী মনে হচ্ছে।
একাকীত্ব অসহ্য হয়ে ওঠা ঘরে,
ঘোরে আমি বলছি একা একা কথা,
অস্থির হয়ে পায়চারি এক দফা শেষ করে
ভীষণ কষ্টে টেনে টেনে মনকে নিয়ে এলাম, এই পাতায়।
সে আমার কথা শুনছে না!
সে আমাকে একা প্রখর রোদে দাঁড় করিয়ে রেখে দরজা বন্ধ করে দিয়েছে।
আমি কাঠফাটা রোদে ঠোঁট শুকোনো আবেগ নিয়ে ছটফট করছি, মনের সেদিকে ভ্রুক্ষেপ নেই।
সে ঘরের এক কোণায় ঠাঁয় বসে আছে।
তার অবশ্য আমায় ফেলে বন নদীতে ঘুরে ফিরতে অনুমতির প্রয়োজন পড়ে না।
তবে ইদানীং আমার মতই ওর দশা!
ওর ভাল লাগে না কিছুতে, সে আমার মত অস্থিরতায় ভুগছে।
তাই দরজা বন্ধ করে সেও একা হয়ে রয়! আমাকেও দেখা দেয় না ...
অথচ শুধু আমি জানি, মনের দেখা না পেলে নিঃশ্বাসে বিষ ঢুকে যায়,
মন ছাড়া আমার আর কে আছে এখানে?
পৃথিবী যতটা বিশাল, মন আর আমার নিজস্ব অস্থিরতায়
অস্তিত্ব সংকটে তারো বেশি অনতিক্রম্য দূরত্বে আমরা বিলীন হচ্ছি ...
বিশাল পৃথিবী যেভাবে সময়কে সঙ্গে নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে
তাতে করে মন আর আমার একাকার হয়ে থাকা বড় প্রয়োজন।
... নয়ত আমাদের কে আর সামলাবে?

বুধবার, ২০ মার্চ, ২০১৩

রাতের সঙ্গে পাল্লা দিয়ে অদ্বিতীর শরীরের উত্তাপ বাড়ছে। ঘুম একদম নেই চোখে। কেবল আছে অবসন্নতা, বিষাদগ্রস্ততা। এমন কথা ছিল না। কথা ছিল, কাজ সেরে একসঙ্গে বাড়ি ফেরার। কিংবা এক; দুদিন এদিক সেদিক যদিও বা হয়, পাশে পেলে খুনসুটি করে সারাদিনের ক্লান্তি কাটিয়ে দেবার কথা ছিল। খোলা বারান্দায় দাঁড়িয়ে গুণগুণ গান করার কথা ছিল, চুলের গন্ধ নিতে নিতে, আদরের গন্ধে লেপ্টে দেবার কথা ছিল। অথচ সবটাই অধরা মনে হয়। কেন?

অপূর্ব আর অদ্বিতীর পরিচয়টা এমন করেই। ট্রেইনের কামড়ায় বহুদিনের পুরনো ভাল লাগার মানুষটিকে হঠাৎ আবিষ্কারের মত নয় বরং একেবারে অদেখা অদ্বিতীকে অপূর্ব কেমন আকুল করে কাছে টানতে লাগলো। যেন সে বহু আগেই আবিষ্কৃত ছিল তার!

অদ্বিতী তখন বড় একা, অসহায়। জীবন তাকে আরো একবার বিচ্ছিন্ন করে দিয়েছিল তার পরম আকাংখিত, নির্ভরতার মানুষ থেকে। খুব ছোট কারণ মনে হবে আপাতদৃষ্টিতে, কিন্তু অদ্বিতী পারেনি মেনে নিতে। যাকে সে এতটা উজাড় করে দিয়েছিল বর্তমান, অতীত, ভবিষ্যৎ সে তাকে বুঝলো না? তবু সে বোঝাতে চেয়েছিল, যা অভ্র ভাবছে তেমন কিচ্ছু নয়, অপমানে ঋজু হয়ে গেছিল অদ্বিতী, যখন তার মনে হল, তার জীবনের অদ্বিতীয় মানুষটিও পারল না বিশ্বাসের সুতোয় হাঁটতে! সেও ভেবে নিল সাধারণের মত, অদ্বিতীর মনে অন্য কারো বাস, সে ঠকাচ্ছে তাকে! পরিমিত বন্ধুত্ব  আর ভালবাসার মাঝেও সবার জন্য সম্মান অদ্বিতীর মনে, তা জেনেও অভ্র সন্দেহ করল অদ্বিতীকে!  অদ্বিতী তখন ভাবছিল অন্য কোন কিছু। সে ভাবছিল, অভ্রকে সে সাধারণে নামাতে পারবে কি করে? এর চাইতে আলাদা হয়ে যাওয়ায়ই বরং ভালবাসার মান বাঁচে ... অতঃপর মনে পরস্পরের জন্যে কথার ফুলঝুড়ি নিয়ে পরস্পরকে এড়িয়ে চলার সংকল্প। অভ্র আর অদ্বিতী আর কখনো মুখোমুখি হয়নি।

পৃথিবীর রঙ তখন তার কাছে ফিকে। অদ্বিতী জানত, হয়ত অভ্র পারবে একদিন বুঝতে তার ভুল। কিন্তু আত্মঅভিমান গলবে না তাদের কারোই কোনদিন। পৃথিবী এগিয়ে যায়। অদ্বিতী পড়ে থাকে একা। সে কথার মালা গাঁথে, খুঁটিনাটি গল্প করতে ইচ্ছে করে তার। কাজ শেষে বাসায় ফেরার পথে তার ইচ্ছে করে কেউ হাত বাড়িয়ে দিক, জিজ্ঞেস করুক পথে কোন সমস্যা হয়েছিল কিনা, কিংবা নুন, তেল, পেঁয়াজের সাবলীল গল্পই এক দুবার, নতুন কবিতার রস রুপ ছন্দ, আকাশ ফাটানো অট্টহাসির বান, খুব অল্পেতে সুখ খুঁজে ঘুমিয়ে পড়া। নতুন বইয়ের মলাটে উৎসর্গ করা তার নাম দেখতে ইচ্ছে করে, ইচ্ছে করে অকারণে অচেনা রাস্তায় সেই এক কাউকে পাশে নিয়ে হাঁটতে, পৃথিবীর আদি -অন্তের গল্প আর শুধু দুজনের গল্পে মশগুল হতে ইচ্ছে করে ... হয় না ... শুধু শূণ্যতা থাকে তার পাশে।

এমন জীবনেই অভ্যস্ত অদ্বিতী হাতছানি পায় অপূর্বের একদিন। অপূর্ব তাকে নতুন জীবনের স্বপ্ন বুনতে শেখায়। যে অদ্বিতী অচেনা মানুষ এড়িয়ে চলে, সেই কিনা বলে বসে একেবারেই অচেনা অপূর্বকে তার গোপন কষ্ট আর একাকীত্বের কথা। অদ্বিতী অবাক হয় মাঝে মাঝে। অপূর্ব কেন তাকে বৃষ্টির গল্প বলে, সংসার সাজানোর গল্প বলে, বউকে তার গোপন জীবন বলে ফেলার কথা বলে, ভালবাসার কথা বলে আর অদ্বিতীর নাম কেন বার বার লিখে দেয় খুব কঠিণ কোন আলোচনার মাঝে! ফেইসবুকে এক ঝলক দেখা অপূর্ব দু তিন দিনের কথোপকথনে অদ্বিতীর আমূল জেনে যায়! আর একদিন অবাক করে দিয়ে বলে বসে জীবনসঙ্গী হবার কথা! অন্ধ বিশ্বাস পুঁজি করে অদ্বিতী আরো একবার ভালবাসে। এতটাই ভালবাসে যে নিজেকেও ভুলে বসে!

খুব সুখে ভেসে যায় তারা। কিন্তু এবার ধাক্কা আসে ঝড়ের মত, মীমাংসিত সমঝোতায় মুখ ফেরানো নয়। বরং যেই অপূর্ব ভালবেসে কাছে টেনে নিয়েছিল, অদ্বিতী জানতে পারে, সে তার কাছে লুকিয়েছে তার নষ্ট অতীত। শুধু তাই নয়, অতীতের রেশ অদ্বিতীর আড়ালে জিইয়ে রেখেছে সে! অদ্বিতীর ভাগ সে করে নিয়েছে অন্য আরো অনেকের সাথে। অদ্বিতী বুঝতে পারে, এত নিটোল সম্পর্কেও অপূর্ব যখন তার সবটা লুকিয়ে আদ্বিতীকে বিয়ে করেছে আর সঙ্গে করে বয়ে বেড়াচ্ছে অতীতের নোংরা অভ্যাসের সঙ্গিনীদের, সেখানে তবে কি আর অবশিষ্ট আছে? ভালবাসা কোথাও নেই, বিশ্বাস নেই কোথাও কি? তবু বারবার অপূর্বকে প্রশ্ন করেছে সে, কারণ জানতে চেয়েছে। অপূর্ব তিরষ্কার করেছে, এড়িয়ে গেছে। অদ্বিতী শুধু একটা প্রশ্নের উত্তর মিলাতে পারেনি। কেন অপূর্ব অদ্বিতীকে বেছে নিয়েছিল? কেন অনুভূতির সম্পর্ক গড়েছিল তবে? কেন স্বপ্ন দেখিয়েছিল? বারবার জানতে চেয়েছে একটাই কথা, মানুষ একই সঙ্গে কি করে পারে, বিশ্বাস অর্জন করে বিশ্বাসঘাতকতা করতে?! ... পায়নি, অপূর্ব বলেছে, ওসব তার ভুল ছিল, অদ্বিতী মানতে পারে না। ভুল সেটা তখন যখন সংশোধনের তাড়া থাকে, অনুশোচনা থাকে। কারো বিশ্বাসকে ঠকিয়ে অশ্লীলতা ভুল হতে পারে না কখনো।

কিন্তু অদ্বিতী পারে না। হেরে যায় ... কতবার কতভাবে অপূর্বকে সে ছেড়ে যেতে চায়, পারে না। আত্ম অভিমানও পা আটকে ধরে অদ্বিতীর। অপূর্বকে ছেড়ে থাকার কথা ভাবতে পারে না অদ্বিতী। যতবার ভাবে দূরে যাবে, ততবার আরো অসহায় হয়ে পড়ে সে! সে বুঝতে পারে, অপূর্বকে ছেড়ে থাকতে সে পারবে না! নিজেকে ধিক্কার দেয়, কি করে এত দূর্বল হল সে! যেই অপূর্বের মুখের দিকে তাকালে অদ্বিতী সব কষ্ট ভুলে যায় সে তাকে এভাবে ছোট করেছে, এভাবে ঠকিয়েছে ভাবতে পারেনা সে। কি করে মানবে অদ্বিতী অপূর্বকে? অথচ গোটা পৃথিবীতে অদ্বিতীর ওই এক অপূর্বই আছে ভালবাসার।

সেই থেকে এক ছাদের নিচে তাদের ভিন্ন আবাস। আদ্বিতী জানে না, অপূর্ব এখনো তার পুরনো অভ্যাস জিইয়ে রেখেছে কিনা! কিন্তু তার জানতে ইচ্ছে করে, অপূর্ব তাকে ভালবাসে তা, তার ইচ্ছে করে অপূর্বকে নিয়ে আবার শুরু থেকে শুরু করতে, যেখানে অপূর্ব কিচ্ছু লুকাবেনা তার কাছে। অপূর্ব অদ্বিতীর কপালে চুমু এঁকে বলবে, তোমাকেই শুধু ভালবাসি ... এমনটা হয় না।

রাত দীর্ঘ হয়, সময় ছুটে চলে। এক ছাদের নিচে দুটো মানুষ দিনে দিনে দূরে সরে যায় ... এক ঘরে আলো জ্বলে, অন্য ঘরে অদ্বিতী জ্বরের ঘোরে ছটফট করে ওঠে, তার মনে হয়, অপূর্ব এসে ওর কপালে হাত ছোঁয়ালেই সব জ্বর দৌড়ে পালাবে, কিন্তু এমন হয় না। কারণ, অপূর্বের পরম আকাংখিত হাত যে মূহুর্তে অদ্বিতীর কপাল ছোঁবে, ভালবাসার অপমানে সে মূহুর্তেই মৃত্যু হবে অদ্বিতীর ...

অদ্বিতীর বিচ্ছিন্নভাবে কখনো অভ্রের কথা মনে পড়ে। কে আসলে ভুল ছিল, কে আসলে ঠিক?