শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮

#চুমু 

ঠোঁট আগুনের মত তপ্ত তাদের
ফেরার পথে অলিতে-গলিতে জড়িয়ে
যাদের ভালোবাসাবাসি,
ওরা যে কিছুক্ষণ আগেই থামিয়ে দিয়েছে
একটি নক্ষত্রের পতন
সে খবর পায়নি।
আমি থমকে যেতে যেতে ভাবি,
হৃদস্পন্দন ধরে হেঁটে আরো কিছু এগিয়ে
ওদের পেছনে ফেলে এসে ভাবি;
ভালোবাসায় মাখামাখি-
মানুষ কিংবা পাখিদের একা থাকতে দিতে হয়।
এ শহরে আকাশে, উতসবের দিনে উজ্জ্বল আলো
তাতে কখনো বারুদের গন্ধ, মুহুর্তে মিলিয়েও যায়।
এখানে সাগরের পাশে, বারান্দায়, জানালার কার্নিশে
ঠোঁট মিশে থাকে ঠোঁটে!
আমার মন কেমন করে!!

মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭


মানুষ তারপর

মানুষ তারপর নিজের দিকে তাকায় নিজেকে নিয়ে ভাবে, নিজের জন্য ভাবে। ভোর এসে গেলে হঠাত ভেঙ্গে যাওয়া ঘুমে কোন এক জড়তা মিশে থাকে। ভুলে যেতে থাকে গন্ধের নাম। গন্ধের নাম কি মনে রাখা যায়? কারো শরীরের, কারো প্রস্থানের, কারো বেদনার? এক ভোর হাতে নিয়ে আকাশ রঙ বদলায়। নীরব রাস্তায় এরপর একটা দুটো করে আরো মানুষেরা রিক্সার টুংটাং, ধূলারা তখনো পরিত্যক্ত নয়। তখনো চোখের পরিচয়ে কেউ কেউ হাসে। কেন হাসে? কেন দিন হেরে যায়? কেন মানুষ আর কাউকে চেনেনা? সুবোধ কেন পালায়? একটা বীভৎস পরাজিত দিনে মানুষ অতঃপর নিজেকে বাঁচাতে নাভীশ্বাস। কোথাও সময় থাকেনা। আলো থাকেনা। নিজস্ব যুদ্ধে হারতে থাকা জীবন্ত আত্মারা সব- এরকম করে ডুবে যায় কেন ডোবে?
আশ্চর্য পাপ
- তানজিনা নূর-ই সিদ্দিকী

ব্যাথা, নৈঃশব্দের শিশু
স্মৃতি ধ্যান, বিনম্র ঈশ্বরে স্থির-
অবশ্যম্ভাবী।
অমোঘ আনন্দে ঠাঁসা আশ্চর্য পাপ।
এতে নিমগ্ন হও, ডুবে যাও।
সমস্ত শরীরে নামাও শুভ্রবসন।

আমাকে ফেরাও বিষণ্ন ঢেউয়ের
বিরামহীন বিশ্রাম থেকে।
ওষ্ঠের তাপ মাটিতে লুটাক-
ধূসর ক্ষীণ মেঘ, শীতকাঁথা।
আর, অমন করে হেসো না।
মনে রেখো, হেসো না।
হাসলেই আনন্দ অশ্রু
হাসলেই ভাঁজ খোলে-
কাপড়ের আড়মোরা;
কেবলই ভাবতে থাকি,
পৃথিবী সুন্দর!
অথচ দু'চারটে লাশ রোজ ভাসে
অথচ ফেরার পথে অনিশ্চয়তায়
পকেট ফাঁকা।
অথচ মাসের মধ্যভাগে শূন্য হয়ে যায়
অনেকের বুক।
ভারি নিঃশ্বাসে বৃত্তবন্দী বাতাস।
খোলসের ঘরে দুমড়ে মুচড়ে যায়
খবরের চাকা।

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

বাতাসের আহ্লাদী আচারে যে মুহূর্তে চুল উড়ে উড়ে যাচ্ছিল যেন শাড়ির আঁচল, মায়াবী-কোমল, যেন রুক্ষতা নেই পৃথিবীতে আর, যেন ঢেউ গুনে গুনে আছড়ে পড়ছিল পায়ে ... প্রশান্ত, সুধীর বিকেলের মত, ছায়া-ছাই রঙে অপারগ অতীতের সানাই। তখনই কোমরের ভাঁজে ভালবাসা রেখে হাত বলল এগিয়ে যেতে ... যেতে যেতে কিছু দূরে, ফিরে দেখলাম, মৃতপ্রায় মাছের চোখের মত সেই মুহূর্তটাও ... রাঙা মুহূর্তটাও, শুয়ে আছে!
For I have passed countless times without my darling daughter and realised
Nothing in the world is more tougher than the very thought of not being able to touch and stay with her! 
So in prayer I sent fairies, 
And told them that they kiss her forehead and let her know that I am there. 
I am there when she cruises, when she smiles 
I am there when she seeks for me
I am there when she plays with toys and can't express what she feels for me.
অন্ধ তোমার গায় 

আমাকে দেখো না তুমি? 
দেখি না তোমাকে আমিও!
সত্যি বলছি তাই 
ঘোর জ্বর আসে। 
ভুলতে ভুলতে নামধাম সব
হাত রাখিনা কপালে ভুলেও!
কোত্থেকে যে কোথায় পালায়
স্মৃতির শহর!
ধূসর বিকেল; দিন মরে যায়।
অন্ধ তোমার চোখের দ্যুতি মনে পরে
অন্ধ তোমার গায় জড়িয়ে উজ্জ্বল রঙ
অন্ধ তোমার সাঁওতালি গায়
ছুটছে কিছু প্রজাপতি
ভাসছে হাওয়া ব্যস্ত দারুণ
আমার হাতে, তোমার হাতে!
এবার আবার থমকে দাঁড়াই
মিষ্টি মদির আসছে কিছু ধেয়ে
আবার আমি লাজুক হবো
দেখব না আর চেয়ে।

বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭

মাঝেমাঝে এইসব রাতে, মধ্যরাতে ... যখন বৃষ্টির ভাঁজে ভাঁজে জড়তা খুলে দেয় মেঘ, সদ্য শুরু দাম্পত্যের শয্যায় প্রেমের সঙ্গে কাম লুটপাট হতে থাকে ছেদে-বিচ্ছেদে ... তখনই জীবন বিষণ্ন যেন, পুরনো সে খেলা এক উঁকিঝুকি দেয়, মনের এদিক সেদিক। যেন পাতায় পাতায় বিস্মরণ, যেন হাওয়ায় হাওয়ায় মগ্ন থাকে করজোড় মিনতি কারো, যেন দগদগে ক্ষতের মত মলাটে সজ্জিত গন্ধ- উন্মুক্ত করে রাখে কোনো বই, যাকে যত্নের ভ্রূকুটি ভেঙ্গে পড়া হয়নাই। অথচ বারবার বিবস্ত্র ঠোঁটের আলিঙ্গন ঘোর বর্ষার কথা বলে; অথচ চৌচির মাটি তার সমস্ত শিরা উপশিরায় মেখে রাখে সেই প্রচন্ড বর্ষণ! 
এইসব মধ্যরাতে আবার দমে যায় কেউ, আবার ভেতরে পোড়ে ফসিল। অথচ তারা মগ্ন রাতভর মানুষ তৈরির আয়োজনে! ... অথচ পৃথিবীর আদ্যোপান্তে, মোড়ে মোড়ে অপেক্ষায় কাঁপছে যুবক, তার উজ্জ্বল চোখে ম্লান ম্রিয়মান হতে থাকে একেকটা দিন। 
... অতঃপর কেউ তো ফেরেনা!