সোমবার, ২৮ নভেম্বর, ২০১১

আজ বড় ইচ্ছে করছে জল দিয়ে ধুই দ্বিধা,
জলগুলোকে মুছে ফেলে লাল সড়কের রাস্তা ধরে
হেঁটে হেঁটে চলে যেতে দীঘির জলের কাছে
সেই পুরনো আমার হাসি, সেই পুরনো দিনের বেলা
এক সে বসা সবুজ শাড়ি, তোমার শরীর নীলে ঢাকা।

মনে তোমার পড়ছে নাকি, বলো ... !
রোজ রোজ সেই ইঁট-সুড়কি'র পথ পেরিয়ে
আসতে আমায় নিতে
তোমায় দেখে এক নিমেষে হারিয়ে যাওয়া আমি
কেমন মিলিয়ে যেতাম শ্যামলা ত্বকের মায়ায়!
কোত্থেকে যে আসতো অমন দিক হারানো হাসি!
ভুলে যেতাম, তুমিও দিতে ফাঁকি।

এমন করেই কাটতো আমার বেলা
তোমার চোখে, তোমার দেয়া শোকে
তোমার আমায় ভাসিয়ে নেওয়া হাজার অনুরাগে।
তোমার লেখা কথার মায়া, রোদ পোড়ানো হাসি
তুমি তো ঠিক জানতে, আমি তোমায় ভালবাসি!

মনে তোমার পড়ে সেই গুমোট দুপুরবেলা
চোখের তারায় লেপ্টে দিলে যত নিরবতা?
বললে, তুমি থাকবে আমার পাশে
দিন কাটাতাম সেই ভরসার আশে ...

তারপরে সেই এল কালো মেঘ
কালো তোমার প্রিয় বলেই
জড়িয়ে নিলে তাকে?
আমি পুড়ে কালো হলাম কালো'র দেয়া শাপে!
তুমি আমি পেছন ফেলে যত শত ছন্দ
মরছি এখন জীবন খুঁজে, বিষাদে উদ্ভ্রান্ত!

আমাদের সেই দিন,
আমাদের সেই ভুলে ভুলে মিলে যাওয়া
এক জীবনের সাধ, মিটবে কি আর অন্যে?
জীবন করে মৌন মিছিল, হন্যে।

দ্বিধা এখন একঘরে সুখ, সেই পুরনো বাস
তোমার দেয়া নতুন জীবন, করে হাঁসফাঁস.
তুমি কিছুই মানবে না এর জানি
হয়ত জীবন তোমার কাছে
আমার একেক আসার থেকেও
বেশি আরো নতুন কিছু, আরো অনেক দামী।

তবু আমার ইচ্ছে করে আজ
জল দিয়ে ধুই দ্বিধা।
তোমার এখন সবাই আছে,
আমি আজো একা ... ।


রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

অন্ধকার নামে অতল এক পাখির ডানায় ভর করে
চলছি করুণ নগরীর নামে অনামে ঠেঁসে চলা রাস্তায়
প্রতিমুহূর্তে পেরিয়ে যাচ্ছি সময়ের গতি
হিম অসাড় হাতে মুঠোভরে ধরেছি তাকে
সে উড়ে চলেছে ... মাটিতে হোঁচট খাচ্ছে-
আমার অনভ্যস্ত পা, কখনো টালমাটাল হাতের আঙ্গুল্গুলো।
অন্ধকার পাখির পেছনে আঁধার
তার সামনে, ডানে-বামে আঁধার
উপরে নিচেতে আঁধার আর আমি-
উলটে যাচ্ছি, সামলে নিচ্ছি, গিলে ফেলছি দ্বিধা, উল্লাস, ভয়।
অন্ধকার পাখিতে, আঁধারে মিশে আছি
বিষাদে ধুয়ে নিংড়ে নেওয়া বিশুদ্ধ নির্লিপ্ততা মেখে।

 

শনিবার, ২৬ নভেম্বর, ২০১১

রাতের মায়ায় ভুলে গেছিলাম
সকালে ঠিক ভুলে যাই
ভাবনা'রা এসেছিল ...
এখন ফকফকে সাদা দুপুরে
শত চেষ্টায় বুঁদ হয়ে থেকে
ভাবছি তাদের
ভাবনা'রা এসেছিল, জানি
শুধু ওটুকুই অবলম্বন
আর তারা আসছেনা ফিরে
করি কি এখন!

কাঙ্গালের মত বসে আছি
হাঁটছি আহত পায়ে
উন্মাদ, ভ্রমণে শব্দের দেশ
ওরা আর আসবেনা ফিরে
এই ভাবনায় নিঃশেষ।
একবিন্দু সময় নিয়ে
হুট করে যে আসো তুমি
যখন আসো ... তখন আমার
চোখ পড়ে যায় ঘুমে
তুমি জানো ... তবু
অমন করেই আসো!
এই আসাটা সারাবেলায়
এখন তখন যখন ঘটে
তখন আমার চোখ পড়ে যায় ঘুমে!


কে যেন আসে রোজ
নিয়মে না অনিয়ম মেনে,
কে তা জানে!
জানতে ইচ্ছে করে খুব ...

টুকরো টুকরো অবসরে
জড়ায় না বিগত কোন শোকে
আসে আর যায় নিরবে
কে যে রোজ আসে!
কে তা জানে?

ঘুমোতে যায় যে বিছানা,
ঘুম থেকে ওঠে প্রতি ভোরে
কথারা হারিয়ে যায়
কথারা এসে যায় গোপনে

এসে রোজ পড়ে থাকে কথা
গোপনে সে এসে জানে সব
জানিনা সে আসে রোজ গোপনে
... জানতে ইচ্ছে করে খুব
কে তা জানে?

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১

কাল সেই আশ্চর্য্য সন্ধ্যাকাশের
মুখোমুখি দাঁড়িয়ে কোন ভাবনায়
নিরিবিলি বিলি কেটে দিচ্ছিল নিশ্চিদ্র কাল?
হাতের পাশেই পড়ে থাকা শুণ্যতা
গভীর, নিরব মনের সয়ে যাওয়া দিনলিপি
চুপচাপ শিশিরের বয়ে যাওয়া
আর আবেগে ফেঁপে ওঠা দেহের বিশালতায়
বহু জীবন পোড়া ছাই মুঠোবন্দী করে
একই এই আকাশের সামনে দাঁড়িয়েও
কেমন অসহায় বোধ হল!
এক এক করে কোটি তারা
স্থির চোখে দিয়ে যায় দেখা
আর যেভাবে জ্বলে ওঠে যেন
খন্ডে খন্ডে ভাগ করে দেয় বোধ,
অবোধ সুখী মানুষের অনতিক্রম্য মগজের
ভেতর থেকে মিটিমিটি ...
এক এক করে হাসতে থাকে সব
অট্টহাসি ছড়িয়ে পড়ে
আকাশের নিচে, মাটি ফুঁড়ে বেড়ে ওঠা
ঘাসের বুকেতে পড়ে আছড়ায়।
অবশেষে সেই ক্লেদ, ক্লান্তি
পাশাপাশি আকাশের ছায়া পেছনে রেখে
ক্রমশ হারিয়ে ফেলা জীবনের ভারে ন্যুব্জ
একা ...




রবিবার, ২০ নভেম্বর, ২০১১

মেঘহীন আকাশে যেমন শুধু নীল
ঘোর লাগানো শূণ্যতার নীল
মাছরাঙ্গা পাখি'র পালক থেকে
ধার করে নিয়ে যাওয়া নীল
আর গমগমে দিন-দুপুর
শ্যাওলা সবুজে টুপ করে খসে পড়া
নীলের ভূমিতে ভাসে সে প্রথম নীল
আমার শেষ নীল ...

মৃদু বাতাসে উড়ে যায় নীল
নীল বসে থাকে ঘাসের পাশে
মেহগণি গাছের সারি'র ফাঁক গলে
চুয়ে পড়ে নীল।
মেঘের রাত থেকে চুরি করে নিয়ে আসে
নীলরঙ জ্যোৎস্নায়
একাকী আবেগে বেড়ে ওঠা বৃষ্টি নীল।

নীল আমাকে বুঁদ রাখে নেশায়
নীল আমাকে একা করে রাখে
নীল আমাকে ভুলতে দেয়না নীল
নীল আমার পাশে পাশে থাকে
নীল আমাকে ছেড়ে দূরে যায়
নীল পড়ে থাকে আমার জানালা'র পাশে
নীল আমায় দেখেও দেখেনা
নীল, চোখে আমাকেই শুধু দেখে
নীল উন্মত্ত করে তোলে
নীল শান্ত করে দেয়
নীল আমাকে হারিয়ে ফেলে
নীল আমায় আমৃত্যু নীল করে রাখে ...